ভারতে ট্রেনে জনসমাগমের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে যাত্রীরা অনেক সময় দাঁড়ানোর স্থানও পান না। এই দুর্দশার চিত্র আরও একবার স্পষ্ট হলো একটি ভাইরাল ভিডিওতে, যেখানে দেখা গেছে—এক যাত্রী ট্রেনের শৌচাগারকেই নিজের থাকার জায়গায় পরিণত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ধারণ করেছেন কনটেন্ট নির্মাতা বিশাল। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ট্রেনের বাথরুমের সংকীর্ণ স্থানে আরাম করে শুয়ে আছেন। তার পাশে রয়েছে নানান প্রয়োজনীয় জিনিসপত্র। এমনকি জানালার পাশে ধরে রাখা রয়েছে একটি ভাঁজ করা খাটিয়া, যেন বাথরুমেই তৈরী হয়েছে একটি অস্থায়ী কেবিন।

তৎক্ষণাত বিস্ময় প্রকাশ করে বিশাল বলেন, “ভাই নে ওয়াশরুম কো বেডরুম বানা দিয়া”— অর্থাৎ, বাথরুমকেই বেডরুম বানিয়ে ফেলেছেন ভাই। এরপর তিনি প্রশ্ন করেন, “ইয়ে পুরা ঘর কা সামান হ্যায়?” — এই সব কি আপনার বাড়ির জিনিস? নির্বিকারভাবে যাত্রী জবাব দেন—“হ্যাঁ।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের হাস্যরস ও সমালোচনা—দুইই চলছে।