ইরান ও লেবাননের বিরুদ্ধে একই সময়ে একাধিক সম্মুখসারিতে যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনীতে গুরুতর সেনা সংকট দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ইসরায়েলি সেনাবাহিনী কার্যত ভেঙে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার দেশটির মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত হয়ে সেনাপ্রধান বলেন, তিনি সরকারের সামনে “১০টি লাল পতাকা” তুলছেন। সেনা ঘাটতির কারণে খুব শিগগিরই সেনাবাহিনী নিয়মিত সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা হারাতে পারে বলে তিনি সতর্ক করেন।
পরিস্থিতি মোকাবিলায় বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও দেন ইয়াল জামির। এর মধ্যে রয়েছে—সেনা নিয়োগ আইন প্রণয়ন, অবসরপ্রাপ্ত সেনাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা এবং বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের সময়সীমা বাড়ানো।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গোলাগুলির সময় গোলানি ব্রিগেডের সার্জেন্ট ওরি গ্রিনবার্গ (২১) নিহত হন। এ ঘটনায় আরও একজন সৈনিক আহত হলেও ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়।
সাম্প্রতিক এই ঘটনার পর ওই এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা

