হঠাৎ করেই অস্ট্রেলিয়াজুড়ে লাখ লাখ মানুষের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ট্যাবলেটে একযোগে বেজে ওঠে জরুরি সাইরেন। সঙ্গে প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হওয়ায় মুহূর্তের জন্য উদ্বেগ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
তবে পরে স্ক্রিনে ভেসে ওঠা বার্তায় জানানো হয়, এটি ছিল দেশটির নতুন জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা ‘অসঅ্যালার্ট’-এর প্রথম দেশব্যাপী পরীক্ষামূলক সম্প্রচার।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, আগামী অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে এই ব্যবস্থা। নতুন প্রযুক্তির মাধ্যমে দাবানল, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, জননিরাপত্তা ও জনস্বাস্থ্যসংক্রান্ত জরুরি পরিস্থিতিতে নির্দিষ্ট এলাকার মানুষের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানো যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সময় সব ডিভাইসে বার্তা না পৌঁছানো স্বাভাবিক। পুরোনো ডিভাইস, সফটওয়্যার, নেটওয়ার্ক বা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এমনটি হতে পারে।
দেশজুড়ে এই পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেই অক্টোবরে নতুন জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা পুরোপুরি চালু করবে অস্ট্রেলিয়া।

ডেস্ক রিপোর্ট 




















