প্রায় এক দশক পর ভারতীয় মুদ্রা ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন এনেছে নেপাল। এখন থেকে ভারতীয় ও নেপালি নাগরিকরা ২০০ ও ৫০০ রুপির ভারতীয় নোট নেপালে আনতে ও নিয়ে যেতে পারবেন। ২০১৬ সালে ভারতের নোট বাতিলের পর ১০০ রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোটের ওপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল দেশটিতে, নতুন এ সিদ্ধান্তে তার অবসান হলো। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রায় এক দশক পর ভারতীয় ও নেপালি নাগরিকদের জন্য ২০০ ও ৫০০ রুপির ভারতীয় নোট নেপালে আনা–নেয়ার অনুমতি দিয়েছে নেপাল।
গত বৃহস্পতিবার পুনরায় জারি করা এক বিজ্ঞপ্তিতে নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি) জানিয়েছে, ২০১৬ সালের ৯ নভেম্বর বা তার পরে ইস্যু করা ২০০ ও নতুন নকশার ৫০০ রুপির ভারতীয় নোট একজন ব্যক্তি সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত নেপালে আনতে বা নেপাল থেকে নিয়ে যেতে পারবেন। এ ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরণ করতে হবে। যদিও প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের পর গত ১১ ফেব্রুয়ারি নেপাল গেজেটে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, তবে নিয়মগুলো আবারও স্পষ্ট করতে এবং বাস্তবায়ন বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে এনআরবি নতুন করে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।
এনআরবির মুখপাত্র গুরু প্রসাদ পাউডেল গত শনিবার বলেন, নেপালি নাগরিকরা ভারত ছাড়া অন্য কোনও দেশ থেকে ভারতীয় মুদ্রা নিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন না। একইভাবে নেপাল থেকেও ভারত ছাড়া অন্য কোনও দেশে ভারতীয় মুদ্রা নিয়ে যাওয়া যাবে না। তিনি বলেন, নতুন এ ব্যবস্থা নেপাল ভ্রমণকারী ভারতীয় পর্যটক এবং ভারতের সঙ্গে বাণিজ্য ও ব্যবসায় যুক্ত নেপালি নাগরিকদের জন্য সুবিধাজনক হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নেপালি নাগরিক ও বিদেশি দর্শনার্থীরা কোনও ধরনের শুল্ক ঘোষণা ছাড়াই সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের অন্য বিদেশি মুদ্রা নেপালে আনতে পারবেন। তবে এর বেশি অর্থ আনলে নেপালে প্রবেশের সময় কাস্টমসে তা ঘোষণা করতে হবে।
গুরু প্রসাদ পাউডেল বলেন, ভারতীয় মুদ্রার ক্ষেত্রে ১০০ রুপি বা তার কম মূল্যমানের নোট হলে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ কাস্টমসে ঘোষণা ছাড়াই আনা যাবে। তবে এর বেশি হলে কাস্টমসে ঘোষণা দেয়া বাধ্যতামূলক। ভারত ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করে। পরে নতুন নকশার ৫০০ রুপির নোট চালু করা হয় এবং ২ হাজার রুপির নতুন নোট বাজারে আনা হয়। যদিও পরবর্তীতে ২ হাজার রুপির নোটও প্রত্যাহার করা হয়েছে। ভারতের ওই সিদ্ধান্তের পর নেপাল ১০০ রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোটের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করে। তখন ভারতীয় মুদ্রা বহনের সর্বোচ্চ সীমা ২৫ হাজার রুপি অপরিবর্তিত থাকলেও, কার্যত ১০০ রুপি বা তার কম মূল্যমানের নোটই বহন করা যেত।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন ভারতীয় ও নেপালি নাগরিকরা ২০১৬ সালের ৯ নভেম্বরের পর ইস্যু করা নতুন নকশার ৫০০ রুপির নোট এবং ২০০ রুপির নোট বহন করতে পারবেন। তবে আগের মতোই সর্বোচ্চ সীমা থাকবে ২৫ হাজার রুপি। অন্যদিকে ২০১৬ সালের ৯ নভেম্বরের আগে ইস্যু করা ৫০০ ও ১ হাজার রুপির ভারতীয় নোট নেপালে এখনও নিষিদ্ধ থাকবে। এ সিদ্ধান্তে ভারত ও নেপালের মধ্যে ভ্রমণ এবং সীমান্তবর্তী লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দেশটিতে পর্যটকের অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে হাজার হাজার নেপালি নাগরিক ভারতে বসবাস, চাকরি, পড়াশোনা ও ব্যবসা করেন।

ডেস্ক রিপোর্ট 



















