বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মেঘলা পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি বোতল ও ময়লা–আবর্জনা ছিটিয়ে দিচ্ছেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে কর্মকর্তা ও বিডি ক্লিনের সদস্যরা তা পরিষ্কার করছেন—এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দেয়।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “ভিডিও দেখে আমি বিষয়টি জানতে পারি। আমার কর্মচারীদের একজন সাংবাদিককে বলেছিল, এখানে তো ময়লা–আবর্জনা কিছু নাই, ম্যাডাম কী পরিষ্কার করবেন? তখন তারা হাসতে হাসতে কিছু ময়লা ফেলেন। আমরা ওই দিকটায় যাইনি, অন্যদিকে ছিলাম। ওয়েব ভিডিওর দুইটা সিন মিলিয়ে দেখলে বোঝা যায়, ওখানে কোনো কাগজ ছিল না। তবুও ওই কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, “পর্যটন দিবস পালনে সরকারি কোনো অনুদান ছিল না। এটা মূলত জেলা পরিষদের করার কথা ছিল। তারা না করায় জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়।”
ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনের এই পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আলোচনার ঝড় বইছে।

ডেস্ক রিপোর্ট 

























