মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ছবি তোলেন তিনি। তার সঙ্গে ছিলেন মেয়ে দিনা ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি তিনি এই সংবর্ধনায় যোগ দেন। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের অধিবেশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক উপস্থিত ছিলেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না।” দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতে দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রমকে টেকসইভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, “ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তী রাষ্ট্রকাঠামো গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যেখানে কোনো স্বৈরশাসনের আবির্ভাব হবে না। রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না।”
বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানান ড. ইউনূস। ভাষণে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয়গুলোও তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার এই ভাষণ সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার।

