ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্রাজিলে সফরের সময় আইনি সমস্যায় পড়েছেন। সাও পাওলোতে তার পূর্ব নির্ধারিত উপস্থিতি উপলক্ষে ব্রাজিল-প্যালেস্টাইন ইনস্টিটিউট (আইবিআরএসপিএএল) ফেডারেল আদালতে তার গ্রেপ্তারের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। বেনেট সাও পাওলোর হেব্রেইকা ক্লাবে ব্রাজিল-ইহুদি কমিউনিটির অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।

আইবিআরএসপিএএল বেনেটের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং বিশেষ করে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। ইনস্টিটিউটের সভাপতি আহমেদ শাহাদা জানিয়েছেন, বেনেটের ব্রাজিলে প্রবেশ একটি ‘আইনি সুযোগ’ তৈরি করেছে, যা গুরুতর আন্তর্জাতিক অপরাধের সন্দেহ প্রমাণিত হলে বিচারিক পদক্ষেপ গ্রহণের পথ খুলে দিতে পারে।

শাহাদা আরও বলেছেন, ব্রাজিলের নিজস্ব আইন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির কারণে ফেডারেল আদালত এ ধরনের মামলার তদন্ত শুরু করতে সক্ষম। জেনেভা কনভেনশন ও রোম সংবিধি জাতীয় আইনের অংশ হওয়ায়, গুরুতর অপরাধের অভিযোগে যে কেউ ব্রাজিলে প্রবেশ করলে তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।