নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিহার ও আসামের পর তৃতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গও আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ শিথিলের পথে হাঁটছে।
সরকারি সূত্রে জানা গেছে, প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সাংবাদিকদের ওপর হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম চলবে। যদিও এসব মামলার অভিযুক্তদের আপাতত আটক রাখা হবে না।
এর আগে ককরোচ জনতা পার্টি বা সিজেপি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়ে দেশব্যাপী নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেয়। এরপর বিহার ও আসাম সরকারও আটক আন্দোলনকারীদের মুক্তির ঘোষণা দেয়।
উল্লেখ্য, গত শুক্রবার কলকাতার ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে। পশ্চিমবঙ্গ সরকারের দাবি, প্রকৃত আন্দোলনকারী ও বিশৃঙ্খলাকারীদের আলাদা করে দেখা হচ্ছে। তাই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও সহিংসতার অভিযোগে আইনি প্রক্রিয়া চলবে।

ডেস্ক রিপোর্ট 






















