খাগড়াছড়িতে সৃষ্ট উত্তেজনা দুর্গাপূজায় কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, উৎসবকে ঘিরে কুচক্রী মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তবে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, খাগড়াছড়ির ঘটনাটি খতিয়ে দেখতে একটি অনুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে। পর্যবেক্ষণ শেষে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। একইসঙ্গে শারদীয় দুর্গোৎসবের পবিত্রতা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় তিনজনের মৃত্যু এবং সেনা-পুলিশসহ বহু মানুষের আহত হওয়ার ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ সন্দেহভাজন শয়ন শীলকে আটক করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার বিচার দাবিতে ‘জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে।
রোববার গুইমারা উপজেলার রামেসু বাজার এলাকায় অবরোধকারীদের হামলায় সেনা সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। উত্তেজিত জনতা দোকানপাট ও বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে এবং এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

ডেস্ক রিপোর্ট 

























