সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও যুক্তরাজ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। একদল সশস্ত্র ডাকাত কোনো নগদ অর্থ নয়, বরং সুপারমার্কেটের দেয়াল ভেঙে পুরো একটি এটিএম মেশিনই তুলে নিয়ে গেছে!

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের মিল্টন কেইন্স শহরে রবিবার ভোররাতে। মুখোশধারী ডাকাতরা ভারী নির্মাণযন্ত্র টেলিহ্যান্ডলার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই ভয়ংকর ডাকাতি সম্পন্ন করে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি হলুদ টেলিহ্যান্ডলার দিয়ে সুপারমার্কেটের দেয়ালে জোরে আঘাত করে ডাকাতরা এটিএম মেশিনটি উপড়ে ফেলে। এরপর যন্ত্রটির সাহায্যে সেটি তুলে একটি পিকআপ ট্রাকের পেছনে ফেলে দ্রুত স্থান ত্যাগ করে। তবে তারা পালানোর সময় ব্যবহৃত টেলিহ্যান্ডলারটি ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।

প্রত্যক্ষদর্শী ক্যারোলিনা অসভিয়েমস্কা জানান, “ভোররাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে তাকিয়ে দেখি কয়েকজন মুখোশধারী লোক দেয়াল ভেঙে এটিএম তুলছে। সবকিছু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা একে “সিনেমার দৃশ্যের মতো” বলে মন্তব্য করছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এমন কাণ্ড সম্ভব হলো।

ডাকাতির ঘটনায় সুপারমার্কেটের সামনের অংশ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টেমস ভ্যালি পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে তারা খবর পায়, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সূত্র: ডেইলি মেইল