কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামলায় ড্রোন ব্যবহার করে বিমান হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের ভাষ্য অনুযায়ী, কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
তেহরান আরও দাবি করেছে, আহমেদ আল-জাবের বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশপথে নজরদারি ও সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিশোধমূলক হামলার জন্য এই ঘাঁটিকেই লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বা কুয়েত কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

