ইরানের সঙ্গে দীর্ঘায়িত যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতরেই দেখা দিয়েছে মতবিরোধ। যুদ্ধ কীভাবে শেষ করা হবে, তা নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে ঐকমত্য না থাকায় ট্রাম্প ক্রমেই বিরক্ত ও হতাশ হয়ে উঠছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আশা করেছিলেন ইরান দ্রুত আলোচনার টেবিলে ফিরবে। কিন্তু প্রায় ছয় মাস ধরে সংঘাত চলতে থাকায় হোয়াইট হাউসে পরবর্তী কৌশল নিয়ে বিভক্তি তৈরি হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, প্রেসিডেন্ট এত দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না এবং শুরু থেকেই সংঘাতের শেষ কোথায় হবে, সে বিষয়ে স্পষ্ট পরিকল্পনা ছিল না।
আরেক মার্কিন কর্মকর্তার ভাষ্য, সামরিকভাবে কিছু সাফল্য এলেও দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশল না থাকলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কৌশলগত ক্ষতির মুখে পড়তে পারে।
এনবিসির দাবি, গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের ওপর চড়াও হন ট্রাম্প। তবে হোয়াইট হাউস এ দাবি অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্টের একটি দক্ষ দল রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় তিনিই নেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে বর্তমানে দুটি মত স্পষ্ট। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বাধীন একটি পক্ষ ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের নেতৃত্বাধীন আরেকটি পক্ষ সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছে। তাদের আশঙ্কা, সুস্পষ্ট দীর্ঘমেয়াদি কৌশল ছাড়া যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে এবং যুক্তরাষ্ট্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
এদিকে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আলোচনায় না ফেরে এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর জবাব দেবে। তবে এখন পর্যন্ত সংঘাত বন্ধের কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

