ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ছবি ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেটার ভারত প্রধানসহ একাধিক ব্যক্তি ও পেজ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে হায়দরাবাদ সাইবার অপরাধ দমন পুলিশ।
পুলিশ জানায়, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে সম্পাদিত ভিডিও ও বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার অভিযোগে এই মামলা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ কর্মসূচির সময় এসব কনটেন্ট প্রকাশ করা হয়।
বিজেপির তেলেঙ্গানা শাখার সামাজিক যোগাযোগমাধ্যম সেলের সদস্য টি. সাইকিরণ গৌড় অভিযোগ করেন, এসব পোস্ট প্রধানমন্ত্রীকে অপমান করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে এবং সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দিয়ে দেশের ঐক্য, সংহতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
অভিযোগের সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০টি পোস্ট ও ভিডিওর লিংক জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর পরিচয় শনাক্ত, ডিজিটাল তথ্য-প্রমাণ সংরক্ষণ এবং মেটার সহযোগিতায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। তদন্তভার দেওয়া হয়েছে পরিদর্শক পি. জয়শঙ্করের কাছে।
এর আগে প্রধানমন্ত্রী মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায়ও মেটাকে ব্যাখ্যা দিতে তলব করেছিল ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। পরে মেটা জানায়, কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে নেওয়া হয়েছিল এবং তা পুনরায় চালু করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























