গাজায় দীর্ঘদিনের সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। অসামরিকীকরণ ও অস্ত্র হস্তান্তরের শর্ত মেনে একটি চুক্তিতে সই করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর এই সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

চুক্তি অনুযায়ী, হামাস পর্যায়ক্রমে তাদের অস্ত্র ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ)-এর কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে গাজার বিভিন্ন এলাকা ধাপে ধাপে অসামরিকীকরণ করা হবে। একটি স্বাধীন সংস্থা পুরো প্রক্রিয়া যাচাই করার পর পরবর্তী ধাপ বাস্তবায়ন শুরু হবে।

আইএসএফের দায়িত্ব হবে নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনে সহায়তা করা, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের টানেল নেটওয়ার্কসহ অস্ত্র অপসারণ প্রক্রিয়া তদারকি করা। একজন মার্কিন জেনারেলের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার সদস্যের এই বহুজাতিক বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এই উদ্যোগ গাজায় শান্তি প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি করবে। তবে পুরো অসামরিকীকরণ প্রক্রিয়া শেষ হতে ২০০ থেকে ৩০০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

অন্যদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ বলেছেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া পুরোপুরি নির্ভর করবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতির ওপর। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল যদি চুক্তির শর্ত বাস্তবায়ন না করে, তাহলে হামাসও এই শান্তি চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না।