আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে পাকিস্তানের আচরণের তীব্র সমালোচনা করে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, “আফগানিস্তানের ভূখণ্ডে সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগের বিষয়ে পাকিস্তানের আচরণে আমরা গভীরভাবে ক্ষুব্ধ।” জয়সওয়ালের অভিযোগ, ইসলামাবাদ যেন সীমান্তে সন্ত্রাসবাদ চালানোর অধিকার নিজেদের বলে মনে করে—যা ভারতের কাছে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

ভারত আফগানিস্তানের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলেও জানান তিনি।

এদিকে, সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গত কয়েক সপ্তাহে দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি হলেও তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার ভোরে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তানের পাল্টা জবাবে দুই দেশের সীমান্তে তীব্র সামরিক সংঘাত শুরু হয়, যা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মধ্যস্থতার মাধ্যমে সাময়িকভাবে থেমে যায়।