নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিন দিন আগে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতি ভবনে শপথের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। এবার তিনি দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়ে রাজনৈতিক রূপান্তরের নেতৃত্ব দেবেন। তীব্র অস্থিরতার মধ্যে তার ওপর পড়ে একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোর দায়িত্ব।
এর আগে গত সপ্তাহে তরুণ প্রজন্মের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ থেকে এ আন্দোলন দ্রুত সরকারবিরোধী রূপ নেয়। ৮ সেপ্টেম্বর থেকে বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হন। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন।
অলির পদত্যাগের পর আন্দোলনকারী জেন-জির প্রতিনিধি ও নেতারা নতুন নেতৃত্ব হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করেন। তার দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থান ও পূর্ববর্তী জনপ্রিয়তার কারণে তিনিই আন্দোলনকারীদের কাছে গ্রহণযোগ্য হন।
রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কির নামেই সবার সম্মতি হয়। তার নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে এবং আগামী বছরের মার্চে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ডেক্স 





















