রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোডের একটি ছয়তলা ভবনের সর্বোচ্চ তলায় আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের ওই তলায় পুরোনো কাগজপত্র, ফেলে রাখা ফার্নিচারসহ বিভিন্ন অপ্রয়োজনীয় সামগ্রী ছিল এবং ভবনটি আংশিক ফাঁকা অবস্থায় ছিল বলে জানা গেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পল্লবী স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়লে কুর্মিটোলা ও মিরপুর স্টেশন থেকে আরও ইউনিট যোগ করা হয়। মোট সাতটি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত করে জানানো হবে।”
এদিকে, ভবনের ভেতরে ধোঁয়া কমানো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট 

























