খেলাধুলাকে শুধু বিনোদন নয়, সম্ভাবনাময় পেশা হিসেবেও প্রতিষ্ঠা করতে একাধিক উদ্যোগের কথা তুলে ধরেছে সরকার। বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমে ক্রীড়া খাতে এসেছে বেশ কিছু নতুন পরিকল্পনা, যার মধ্যে সবচেয়ে আলোচিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি।
১২ থেকে ১৪ বছর বয়সী ক্রীড়াশিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এই কর্মসূচিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সারা দেশ থেকে ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন কিশোর-কিশোরী এতে নিবন্ধন করেছে। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর এবং ৪৭ হাজার ১৩০ জন কিশোরী রয়েছে।
ক্রীড়াবিদদের আর্থিক ও পেশাগত স্বীকৃতি দিতে চালু করা হয়েছে ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রম। এর আওতায় ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা এবং ৩২৫ জনকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি গত ১০০ দিনে দেশের ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০টি জেলার স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ক্রীড়া সহযোগিতা বাড়াতে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি সেল’ গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
সরকারের দাবি, এসব উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বিকাশ, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়ার অবস্থান আরও শক্তিশালী করার ভিত্তি তৈরি হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















