এবার কর্মসূচিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। এ বিষয়ে মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়া হোসেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে অনাকাঙ্খিতভাবে সাংবাকিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাঁধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। আজ ধানমন্ডিতে অনাকাঙ্খিতভাবে সাংবাদিকদের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে ওই ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দেলাওয়া হোসেন জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জামায়াতের প্রোগ্রামে গুপ্তচর কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এবং এই ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালকের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচারে সম্পাদক আবদুস সাত্তার সুমন তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজ–খবর নিতে ছুঁটে যান। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য রাখার অনুরোধ করেন।

ডেস্ক রিপোর্ট 























