ফুটবলে জয়-পরাজয়ের গল্পের বাইরে কিছু মুহূর্ত থেকে যায় আজীবন। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার জন্যও তেমনই এক স্মরণীয় অভিজ্ঞতার নাম লিওনেল মেসি। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়কের কাছ থেকে শুধু প্রশংসাই নয়, উপহার হিসেবে পেয়েছেন তার জার্সিও।
ম্যাচ শেষ হওয়ার পর কয়েক মুহূর্ত কথা বলার আশায় মেসির কাছে এগিয়ে যান ভোজিনিয়া। তবে নিজের কিছু বলার আগেই তাকে আলিঙ্গন করেন আর্জেন্টাইন মহাতারকা।
ভোজিনিয়ার ভাষ্য, আলিঙ্গনের পর মেসি তাকে বলেন, ‘তুমি খুব প্রতিভাবান। তুমি একজন অসাধারণ গোলকিপার। তোমার দেশের মানুষের তোমার জন্য গর্ব করা উচিত।’
বিশ্বকাপজয়ী অধিনায়কের এমন প্রশংসাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে দেখছেন কেপ ভার্দের এই গোলরক্ষক। তার ভাষায়, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের মুখে এমন কথা শোনা সত্যিই অবিশ্বাস্য এবং সারাজীবন মনে রাখার মতো একটি মুহূর্ত।
মেসির প্রশংসার জবাবে ভোজিনিয়াও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ধন্যবাদ, লিও। আপনিই সেরা।’
এরপর মেসির কাছে একটি অনুরোধ করেন তিনি—জার্সি বদল করা যাবে কি না। ভোজিনিয়ার দাবি, হাসিমুখেই সেই অনুরোধে সাড়া দেন মেসি। তিনি বলেন, ‘অবশ্যই। টানেলের ভেতরে তোমাকে এটা দেব।’
কথামতো ম্যাচ শেষে নিজের জার্সি উপহার দেন আর্জেন্টাইন অধিনায়ক। ফলে এক ম্যাচেই স্বপ্নপূরণ হয়ে যায় ভোজিনিয়ার। ছোটবেলা থেকে যাকে আদর্শ মানতেন, সেই মেসির কাছ থেকে পেলেন প্রশংসা, আলিঙ্গন এবং স্মারক হিসেবে তার জার্সি।
ভোজিনিয়ার মতে, একজন ফুটবলারের জীবনে এমন মুহূর্ত খুব কমই আসে। জয়-পরাজয়ের হিসাবের বাইরেও এই স্মৃতি সারাজীবন তার হৃদয়ে গেঁথে থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















