রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকাসক্ত পথশিশুসহ বিভিন্ন অপরাধে ৮২ জনকে আটক করেছে পুলিশ। বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধ ও প্রবাসীদের ভোগান্তি কমাতে শনিবার (৪ জুলাই) ভোর থেকে পৃথক ওই অভিযান পরিচালনা করে বিমানবন্দর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ ছাড়াও বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ এর আশপাশের এলাকায় পৃথক সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু ছাড়াও অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জনকে আটক করা হয়।
বিমানবন্দর থানা সূত্রে আরও জানা যায়, প্রবাসীদের ভোগান্তি রোধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেয়া হবে না। বর্তমানে ওই এলাকায় পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া শনিবারের অভিযানে আটক শিশুদের সুরক্ষায় ‘শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 



















