বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নিতে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকট।
শনিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শুরু হয় এই বৈঠক। এতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন।
তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত। তার এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 
























