এবার ভারতের ছত্রপতি শম্ভাজিনগরে মেয়াদউত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এক খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকে মেয়াদউত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছেন। দোকানদারের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে রেহাই দেওয়ার চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগ তুলে কর্মকর্তার ওপর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। শনিবার (২৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত স্থানীয় একটি পান দোকান থেকে কেনা মেয়াদউত্তীর্ণ চানাচুর খেয়ে দুই বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায়। চানাচুর খাওয়ার পর শিশুটির মাথা ঘোরে এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি শম্ভাজিনগরের খাদ্য ও ওষুধ প্রশাসন কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এক কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শনে গেলে স্থানীয়রা দাবি করেন, তিনি সেখানে যাওয়ার আগেই চানাচুরের মূল প্যাকেটটি দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে।
পরিদর্শনের সময় দোকানে বেশ কয়েকটি মেয়াদউত্তীর্ণ বিস্কুটের প্যাকেট পাওয়া যায়। তবে ওই কর্মকর্তা দোকানদারের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্থানীয়দের।
এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ তোলেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা বিস্কুটগুলো খাওয়ার উপযোগী কি না, তা প্রমাণ করতে কর্মকর্তাকে নিজেই খেয়ে দেখার দাবি জানান। পরে কয়েকজন উত্তেজিত ব্যক্তি জোর করে মেয়াদউত্তীর্ণ বিস্কুট কর্মকর্তার মুখে গুঁজে দেওয়ার চেষ্টা করেন। রাজ্যজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য ও ওষুধ প্রশাসন অভিযান জোরদার করার সময়ই এমন ঘটনা ঘটল। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























