চট্টগ্রামের ভূজপুরে ভক্তের পরিচয়ে মন্দিরে প্রবেশ করে পিতলের ত্রিশূল ও দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে নয়ন চন্দ্র নাথ ওরফে নয়ন দেবনাথ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মন্দির থেকে চুরি হওয়া একটি খণ্ডিত ত্রিশূল উদ্ধার করা হয়েছে। পরে সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার নয়ন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবিল এলাকার সুনীল চন্দ্র নাথের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভূজপুর থানার গহিন পাহাড়ি এলাকায় অবস্থিত শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দির থেকে একটি পিতলের ত্রিশূল নেওয়ার পাশাপাশি দানবাক্স ভেঙে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা চুরি করা হয়।
ঘটনার পর মন্দির পরিচালনা কমিটির সদস্যরা পুলিশকে বিষয়টি জানান। পরে জেলা পুলিশের তদারকিতে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়। অভিযানের একপর্যায়ে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে নয়নকে আটক করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মাসুদ আলম জানান, মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানোর পর দ্রুত অভিযানে নামে পুলিশ। পরে সীতাকুণ্ড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করায় সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চুরির বিষয়টি স্বীকার করেছেন। ভক্ত সেজে মন্দিরে প্রবেশের পর সুযোগ বুঝে তিনি ত্রিশূল ও দানবাক্সের টাকা নিয়ে যান বলে জানিয়েছেন। এর আগেও ওই মন্দিরে চুরির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মামলার বাদী শিমুল কুমার নাথ জানান, চুরি হওয়া ত্রিশূলটি পিতলের তৈরি এবং এর আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা। রোববার ব্রাহ্মণ পূজা শেষ করে চলে যাওয়ার পর দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের করা মামলায় নয়নকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























