সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির এক সক্রিয় কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই ব্যক্তি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বলে তার নিজের দেওয়া তথ্যে জানা গেছে।
গত ৩১ আগস্ট নিজের ফেসবুক আইডিতে কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে একটি ভিডিও পোস্ট করেন সাদ্দাম। একই ভিডিওর কমেন্টে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসেও বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্ট্যাটাসে সাদ্দাম জানান, তার পরিবারের বাবা, চাচাসহ বংশের প্রায় ৯০ শতাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত। নিজেকে বিএনপির জাতীয় উপ-নির্বাচন কমিটির সাবেক সদস্য, গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী এবং সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেন তিনি। বর্তমানে তিনি আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলেও জানান।
তবে সৌদি প্রবাসী সাদ্দাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার পক্ষে আর রাজনীতি করা সম্ভব নয়। রাজনীতি জনগণের সেবা করার মাধ্যম—এমন ধারণা নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি থেকে নিজ সম্মান ও সচেতন সিদ্ধান্তে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
বিএনপির প্রতি কোনো অভিযোগ নেই উল্লেখ করে সাদ্দাম বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির প্রতি তার ভালোবাসা রয়েছে।
রাজনৈতিক জীবনে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি বলেন, আজকের পর থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা থাকবে না। পবিত্র কাবা শরীফকে সামনে রেখে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সাদ্দাম আরও জানান, রাজনীতি ছিল তার আবেগ ও মানুষের সেবা করার স্বপ্নের জায়গা। রাজনীতির মাধ্যমে সেই সেবা করতে না পারলেও রাজনীতির বাইরে মানবসেবা চালিয়ে যেতে চান তিনি। অতীতের মতো ভবিষ্যতেও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে হঠাৎ করে রাজনীতি ছাড়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানতে সাদ্দাম হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সৌদি আরবে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডেস্ক রিপোর্ট 
























