জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। তার ভাষায়, দেশের ১৮ কোটি মানুষের দৃষ্টি এখন সংসদের কার্যক্রমের দিকে। তাই সংসদ সদস্যদের জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিনির্ভর সিদ্ধান্তের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্য অতীতে গুম, নির্যাতন, কারাবরণ, নির্বাসন বা নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। সে কারণে তিনি এই সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত স্পিকার আরও বলেন, সরকার ও বিরোধী দল—উভয়কেই দায়িত্বশীল ভূমিকা রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তার মতে, জাতীয় সংসদই রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু এবং এখানেই যুক্তি, আলোচনা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হওয়া উচিত।
তিনি জানান, স্পিকার হিসেবে নিরপেক্ষতা ও ন্যায়বিচার বজায় রাখাই হবে তার প্রধান অঙ্গীকার। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংসদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

ডেস্ক রিপোর্ট 
























