স্পেনের জামোরা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরওয়ার্ড দিয়েগো জোটা। মাত্র ২৮ বছর বয়সে থেমে গেল এই প্রতিভাবান ফুটবলারের জীবন। ছুটি কাটাতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।
জোটার এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে বিশ্ব ফুটবলে। সতীর্থ, ভক্ত ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এক আবেগঘন পোস্টে লেখেন, “এসবের কোনো মানে হয় না। আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি, সম্প্রতি তুমি বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী এবং সন্তানদের প্রতি আমি সমবেদনা জানাই এবং তাদের জন্য বিশ্বের সমস্ত শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও, দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।”
জোটা সম্প্রতি লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লিগ জিতে ক্যারিয়ারের অন্যতম সফল মৌসুম পার করছিলেন। তার এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ে শোকস্তব্ধ লিভারপুল ক্লাব, পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং ভক্তসমাজ।
ফুটবল বিশ্ব হারাল এক প্রতিভাবান, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ খেলোয়াড়কে, যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।

