মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি বৈঠক থেকে মেটার সিইও ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার নিউইয়র্ক পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যৎ এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট নিয়ে ওভাল অফিসে একটি বৈঠক চলাকালীন জাকারবার্গ অপ্রত্যাশিতভাবে কক্ষে প্রবেশ করেন। এ সময় তার নিরাপত্তা ছাড়পত্র না থাকায় হোয়াইট হাউসের কর্মকর্তারা তাকে বাইরে অপেক্ষা করতে বলেন।

এনবিসি নিউজের একটি দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে জানানো হয়, গত শীতকালে হোয়াইট হাউস সফরের সময় এই ঘটনা ঘটে। ট্রাম্প প্রশাসনের ওয়েস্ট উইংয়ের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কেও ঐ বৈঠকে আলোচনা হচ্ছিল।

তবে হোয়াইট হাউস এ ধরনের প্রতিবেদনকে “ভুল উপস্থাপন” বলে দাবি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিউইয়র্ক পোস্টকে জানান, জাকারবার্গকে বের করে দেওয়া হয়নি। বরং প্রেসিডেন্টের আমন্ত্রণেই তিনি ওভাল অফিসে ‘হ্যালো’ বলতে এসেছিলেন। এরপর বৈঠক চলায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতো, তাই তিনি স্বেচ্ছায় সেখান থেকে চলে যান।

এ বিষয়ে মন্তব্য জানতে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

ব্যাপারটি ঘিরে মার্কিন ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে ট্রাম্প প্রশাসনের “অমার্জিত আচরণ” হিসেবে আখ্যা দিলেও অনেকে বলছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রটোকল অনুযায়ী হোয়াইট হাউসে এমন ঘটনা নতুন কিছু নয়।