এবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই নাটকীয় চিত্র সামনে এসেছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসন ভবানীপুরে পিছিয়ে পড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে। একই সঙ্গে রাজ্যজুড়ে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার গণ্ডিও পার করেছে বিজেপি। আর এটি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। দুই দফার ভোটগ্রহণের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হচ্ছে, তারপরে হবে ইভিএম–এর ভোট গণনা। গণনার শুরুতে ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেস নেত্রীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গত নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকে দিয়ে নন্দীগ্রাম আসনে দুই হাজারেরও কম ভোটে পরাজিত করেন। সেই পরাজয়ের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় নিজের আসন ধরে রাখতে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়তে হয়েছিল। এই নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই জায়গা থেকেই প্রার্থী হন। বর্তমানে তিনি নন্দীগ্রাম আসনেও এগিয়ে আছেন।
কলকাতা জেলার অন্তর্ভুক্ত ভবানীপুর আসনটি ২০১১ সাল থেকে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওই বছর সুব্রত বক্সী আসনটি জেতেন। এর আগে চার দফা নির্বাচন পর্যন্ত এটি ছিল কালিঘাট আসন। সেখানে চারটির মধ্যে তিনবার জয় পেয়েছিল কংগ্রেস। ২০১১ সালেই উপনির্বাচনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীর জায়গায় বিধায়ক হন। সেই উপনির্বাচনের মাধ্যমে তিনি বিধানসভার সদস্য হয়ে মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখেন।
এদিকে সার্বিক চিত্রে সকাল ৯টা ৫২ মিনিটের হিসাবে ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। ফলে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে দলটি। একইসঙ্গে তৃণমূলের জন্য বড় ধাক্কার ইঙ্গিতও মিলছে। এই সময় পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ১৫২টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে ১০৫টিতে এবং ২০২১ সালে ভরাডুবির মুখে পড়া কংগ্রেস এগিয়ে রয়েছে পাঁচটি আসনে।
প্রসঙ্গত, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮ আসন। এক্সিট পোলগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও বেশিরভাগ জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তবে পিপলস পালস ও জনমত— এই দুটি সংস্থা মমতার দল জয় পেতে যাচ্ছে বলে জানিয়েছে। এর আগে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯৪টির মধ্যে ২১৫টি আসনে জয় পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন।

ডেস্ক রিপোর্ট 



















