মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ থামানোর আহ্বান সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত দুই দিনে এই হামলায় শিশুসহ ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস শুক্রবার মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে সকল বন্দিকে মুক্তি দিতে সম্মত হওয়ার পরও গাজাজুড়ে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। আবাসিক এলাকা, শরণার্থী শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গাজা-ভিত্তিক সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনি ও রবিবারে কমপক্ষে ৯৪ জন এবং সোমবার সকালে আরও অন্তত সাতজন নিহত হয়েছেন। উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ১৩১টি বিমান ও কামান হামলা চালানো হয়।