নয়াদিল্লি: বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যুর সংখ্যা বেড়েছে এবং ভবিষ্যতে এই হার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ—ডিকাব’-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যু নিয়ে জানতে চাইলে বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে আমাদের একটি খুব বড় ভিসা কার্যক্রম রয়েছে। এটি গত বছরের জুলাই ও আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল, এখন সেই স্তরে নেই। তবে আজও বাংলাদেশে যে ভিসা ইস্যুর সংখ্যা রয়েছে, তা বিশ্বের যেকোনো স্থানের মধ্যে আমাদের বৃহত্তম ভিসা কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম।”