মিয়ানমারের মধ্যাঞ্চলের চাউং উ টাউনশিপে থাদিংগ্যুত পূর্ণিমা উৎসব ও বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষের ওপর সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত ও ৮০ জনের মতো আহত হয়েছেন। নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় আয়োজক কমিটির এক সদস্য জানান, সন্ধ্যা ৭টার দিকে যখন মানুষ উৎসব ও প্রতিবাদে জড়ো হচ্ছিল, তখন একটি মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে বোমা নিক্ষেপ করা হয়। এতে মুহূর্তেই চারদিকে মৃত্যু আর আর্তনাদ ছড়িয়ে পড়ে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। গণতন্ত্রপন্থি বিদ্রোহীরা বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে মিলে জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে। সামরিক সরকার আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও জাতিসংঘের বিশেষজ্ঞ একে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছেন।

এই ভয়াবহ হামলা নিয়ে এখন পর্যন্ত জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।