ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশানস জাহাজটি আজ বুধবার ভোর নাগাদ ‘রেড জোনে’ (বিপজ্জনক অঞ্চল) পৌঁছে যেতে পারে। জাহাজ থেকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, ‘রেড জোন’ বলতে মূলত সেই বিপজ্জনক অঞ্চলকেই বোঝানো হচ্ছে, যেখানে সম্প্রতি ইসরায়েলি সেনারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটক করে অধিকারকর্মীদের গ্রেপ্তার করেছিল। শহিদুল আলম যে কনশানস জাহাজে আছেন, তা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ।
ফেসবুক পোস্টে শহিদুল লিখেছেন, “আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি, কারণ ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নৌবহরের ছোট ও ধীরগতির জাহাজগুলো যেন পেছনে পড়ে না যায়, তা নিশ্চিত করছি। এখন তারা আমাদের সমকাতারে এসেছে, এবং আমরা ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আছি।”
তিনি আরও উল্লেখ করেন, এই অঞ্চলেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পূর্বে অবৈধভাবে ফ্লোটিলার নৌযানগুলোকে আটক করেছিল।
গতকাল ছিল ইসরায়েলে হামাসের হামলা এবং এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর দ্বিতীয় বর্ষপূর্তি। ফেসবুক পোস্টে শহিদুল সেই প্রেক্ষাপটও স্মরণ করেন।
কনশানস হলো এফএফসির আন্তর্জাতিক উদ্যোগ এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ। গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে মানবিক সহায়তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যেই আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসাকর্মীবাহী এই জাহাজটি যাত্রা করেছে।

