যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)–এর নতুন নৌবহর। বর্তমানে বহরটি ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এফএফসি। বিবৃতিতে বলা হয়েছে,

“আমাদের ফ্লোটিলার নৌবহর বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (প্রায় ২৭৭ কিলোমিটার) দূরে অবস্থান করছে। কিছুদিন আগে আমাদের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো যেখান থেকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছিল, নতুন বহরটি এখন সেই অঞ্চলের কাছাকাছি পৌঁছেছে।”

এফএফসি-র সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানিয়েছে,

“আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি।”

নতুন এই বহরে রয়েছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান, যেখানে ক্রুসহ ১০০-এর বেশি স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন।

এর আগে গত আগস্টে এফএফসি ঘোষণা দিয়েছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের আওতায় গাজায় খাদ্য ও ওষুধবাহী ৪৩টি নৌযান পাঠানো হবে। সেই মিশনে অংশ নেন ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক, যাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, পার্লামেন্ট সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা।