চলতি বছরে ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি শরণার্থীর সন্তান ওমর এম ইয়াগি, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

১৯৬৫ সালে জর্ডানের আম্মানে জন্ম নেয়া ওমরের বাবা-মা ছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি। মাত্র ১৫ বছর বয়সে বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ইংরেজিতে দক্ষ না হয়েও কলেজে ভর্তি হয়ে পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি সম্পন্ন করেন।

জর্ডানে ছোটবেলায় চরম পানি সংকটের অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয়। সেই অনুপ্রেরণায় পরবর্তীতে তিনি পানি সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে গবেষণায় মনোনিবেশ করেন। তাঁর উদ্ভাবন ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ এখন পানি ও গ্যাস সংগ্রহের ক্ষেত্রে বৈপ্লবিক প্রযুক্তি হিসেবে বিবেচিত।

২০২১ সালে সৌদি আরব তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে, যা তাদের ভিশন ২০৩০ উদ্যোগের অংশ।

ওমর ইয়াগির সঙ্গে এ বছর নোবেলজয়ী অন্য দুই বিজ্ঞানী হলেন জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন।