ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবারের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন পর্যটক ছিলেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফায়ার সার্ভিস।
ঘন জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর আগুনে পুড়ে পাইলট ও তিন নারী মারা যান।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম ও জি১ নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিহত তিন নারী কলম্বিয়ার নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য।
দুর্ঘটনাটি তিজুকা বনের পাহাড়ি এলাকায় অবস্থিত ‘ভিস্তা শিনেসা’র কাছে ঘটে। চীনা প্যাগোডার আদলে নির্মিত এই স্থাপনাটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত।
রিও ডি জেনিরোতে মাত্র দুই মাসের ব্যবধানে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে গত জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মার্কিন গায়ক অলিভার ট্রিসহ ছয়জন নিহত হন।
শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের মধ্যে হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। তবে সর্বশেষ দুর্ঘটনার পর বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থাকে নজরদারি জোরদারের অনুরোধ জানিয়েছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেস্ক রিপোর্ট 

























