ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসনে শান্তির নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) মিসরের শারম আল শেখে ‘শান্তি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শেষ মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও তাঁর উপস্থিতি নিশ্চিত হয়নি।
শীর্ষ সম্মেলনে ২০টির বেশি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য তিনটি: গাজায় যুদ্ধের সমাপ্তি, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা, এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় সূচনা।
বিশ্লেষকরা মনে করছেন, মোদি অংশ নিলে এটি ভারত-মার্কিন সম্পর্ক ও মধ্যপ্রাচ্যে ভারতের কৌশলগত উপস্থিতি শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। তবে গাজায় মানবিক বিপর্যয় নিয়ে ভারতের নীরবতা সমালোচনার মুখে আছে।

