রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে যখন জনজীবন কার্যত বিপর্যস্ত, তখন স্বস্তির কোনো খবর নেই। বরং আগামী কয়েক দিন আরও ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবারও ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে। ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।
শুধু সোমবারই নয়, মঙ্গলবার পর্যন্তও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও দেশের বেশিরভাগ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনজুড়েই বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট 
























