বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমসহ ৯ জন কেন্দ্রীয় সম্পাদক সাংগঠনিক ছুটিতে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।
সংগঠনের বর্তমান সেশনের ষান্মাসিক সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক ছুটিতে যাওয়া অন্য নেতারা হলেন—মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
এর আগে প্রায় দুই মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। এরপর ছাত্রশিবির জানিয়ে দেয়, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রথমবার প্রকাশ্যে আসেন সাদিক কায়েম। পরে তিনি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এই সাংগঠনিক ছুটিকে নিয়মিত পুনর্বিন্যাসের অংশ হিসেবে উল্লেখ করলেও, সাদিক কায়েমের রাজনৈতিক সম্পৃক্ততার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























