টানা অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাত জেলার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বন্যা ও পাহাড়ধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৪ জন। আহত হয়েছেন আরও ৩৯ জন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখনও ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি। আর বন্যা ও পাহাড়ি ঢলের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার, যেখানে মারা গেছেন ৩১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, বান্দরবানে ৬, রাঙামাটিতে ৩ এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।
দুর্গত মানুষের জন্য সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। সেখানে বর্তমানে আশ্রয় নিয়েছেন ৩৮ হাজার ৪২২ জন।
উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে বন্যা ও পাহাড়ধসের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি।

ডেস্ক রিপোর্ট 

























