দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ সংঘাতে নিহত প্রত্যেক ইরানি নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে ঘোষণা দিয়েছে তেহরান।
সোমবার রাজধানী তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
তিনি বলেন, নিহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সক্রিয়ভাবে কাজ করবে।
বাঘেইর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের পক্ষে প্রমাণ সংগ্রহ, নথিভুক্তকরণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় প্রয়োজনীয় সব কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাদের লক্ষ্য, আন্তর্জাতিক পরিসরে দায়ীদের জবাবদিহির মুখোমুখি করা এবং বিচার নিশ্চিত করা।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও কার্যকরভাবে পরিচালনার জন্য ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছে তেহরান। তবে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ বিষয়ে আলোচনা প্রত্যাশিত অগ্রগতি পাচ্ছে না।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই ঘোষণা নতুন করে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

