বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা আর ভবিষ্যৎ নিয়ে হতাশা—এই তিন সংকটকে ঘিরে আবারও উত্তাল নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহর পদত্যাগের দাবিতে রাজধানী কাঠমান্ডুর রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত তিন দিনে কর্মসংস্থানের অভাবে হতাশ তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন, আর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাগুলো দেশজুড়ে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি কিংবা ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি।

যুব সংগঠন ‘জেন-জি নেপাল’ দাবি করেছে, সরকারের সাম্প্রতিক বাজেট ও নীতিতে তরুণদের কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে বাস্তবসম্মত কোনো পরিকল্পনা নেই। তাদের অভিযোগ, বর্তমান সরকার জনস্বার্থ উপেক্ষা করে শাসন পরিচালনা করছে।

এদিকে বিরোধী দল নেপালি কংগ্রেসও প্রধানমন্ত্রীর নীরবতার সমালোচনা করেছে। দলটির দাবি, রাষ্ট্রের নীতিগত ব্যর্থতার কারণেই যুবসমাজের মধ্যে এমন হতাশা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরেই নেপালে যুব বেকারত্ব বড় একটি সংকট। সাম্প্রতিক এই ঘটনাগুলোর পর সেই সংকট নতুন করে রাজনৈতিক উত্তেজনায় রূপ নিয়েছে। এখন দেখার বিষয়, জনঅসন্তোষ মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নেয়।