ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
দু’টি ব্যাচে মুক্তি দেওয়া হয় এসব বন্দিকে। প্রথম ব্যাচে ওফের কারাগার থেকে মুক্তি পান প্রায় দুই হাজার বন্দি। তারা পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছান। তাদের পরিবহনের ব্যবস্থা করে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি)।
একই সময়ে দ্বিতীয় ব্যাচের এক হাজার ৭১৮ বন্দি দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে মুক্তি পেয়ে গাজার খান ইউনিসে পৌঁছান। এদের মধ্যে ২৫০ জন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
গাজার খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্সে মুক্তিপ্রাপ্তদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি স্বজনদের স্বাগত জানাতে ভিড় করেন।

