ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী চাবাহারে মার্কিন হামলায় সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চাবাহার বন্দরের সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ারে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে এটি তৃতীয় হামলা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং ইরানি গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে টাওয়ারটির বড় অংশ ধসে পড়েছে বলে দেখা গেছে। তবে এসব ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
চাবাহার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার বন্দর এলাকায় জাহাজ চলাচল নিয়ন্ত্রণ, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, বন্দর কার্যক্রম পর্যবেক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ফলে এই স্থাপনায় ক্ষয়ক্ষতি বন্দরের কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে হামলার ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

