লন্ডনের গণপরিবহন ব্যবস্থা প্রায় অচল করে দেওয়া এক ভয়াবহ সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি তরুণ থালহা জুবায়ের ও তার সহযোগী ওয়েন ফ্লাওয়ার্সকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত।
২০২৪ সালে ট্রান্সপোর্ট ফর লন্ডনের, বা টিএফএলের, নেটওয়ার্কে হামলা চালিয়ে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ ওঠে আন্তর্জাতিক হ্যাকার গোষ্ঠী ‘স্ক্যাটার্ড স্পাইডার’–এর সদস্য এই দুই তরুণের বিরুদ্ধে। হামলার ফলে টিএফএলকে পুরো নেটওয়ার্ক বন্ধ করতে হয় এবং প্রায় ২৮ হাজার কর্মীকে অফিসে গিয়ে নতুন করে পাসওয়ার্ড রিসেট করতে হয়। এতে সংস্থাটির ক্ষতি হয় প্রায় ৩ কোটি ৯০ লাখ পাউন্ড।
রায় ঘোষণার সময় বিচারক মার্ক টার্নার বলেন, এটি রাষ্ট্রীয় কোনো হামলা ছিল না; বরং নিজেদের সক্ষমতা দেখানোর উদ্দেশ্যে চালানো এক ‘বেপরোয়া’ সাইবার হামলা, যা লাখো মানুষের ভোগান্তির কারণ হয়েছিল।
তদন্তে জানা যায়, হামলার সময় ওয়েন ফ্লাওয়ার্স পুরো কার্যক্রম ভিডিও করেন এবং থালহা জুবায়ের তা টেলিগ্রামে ছড়িয়ে দিয়ে এ নিয়ে দম্ভ প্রকাশ করেন। পরে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল সূত্র বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে তদন্তকারীরা।
তবে যুক্তরাজ্যের এই সাজাই থালহা জুবায়েরের শেষ আইনি লড়াই নয়। যুক্তরাষ্ট্রেও তার বিরুদ্ধে ৪৭টি প্রতিষ্ঠানে শতাধিক সাইবার হামলা, ১১ কোটি ৫০ লাখ ডলারের বেশি অর্থ আদায় এবং বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যে সাজা শেষ হলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

