মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে সামরিক উত্তেজনা। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সময়ে পাল্টা হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রও।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার লক্ষ্য ছিল জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা। জর্ডানের একটি বিমানঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শ্র্যাপনেলের আঘাতে এক শিশু আহত হয়েছে।
ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড—সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে তারা নতুন করে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং উপকূলীয় সামরিক অবকাঠামো। মার্কিন বাহিনীর দাবি, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ থেকে পরিচালিত এ হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামরিক রসদ স্থাপনাসহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
গত মাসের যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























