ভারতের কৌশলগতভাবে সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলগুলোর একটি ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করতে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সফরে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার উত্তরকন্যায় অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অগ্রগতি এবং কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলোর সমন্বয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে নিরাপত্তা বাহিনী, রাজ্য পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডরই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের একমাত্র স্থল সংযোগ। নেপাল ও বাংলাদেশের মাঝখানে অবস্থিত এই করিডরের সবচেয়ে সরু অংশ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভারত-চীন-ভুটান সীমান্তের কাছাকাছি হওয়ায় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই দেশটির নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দু।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে বাংলাদেশ ও চীনকে ঘিরে বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প নয়াদিল্লির উদ্বেগ আরও বাড়িয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তে নজরদারি বাড়ানো, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং সামরিক প্রস্তুতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করা হবে।

সফরের অংশ হিসেবে অমিত শাহ বিএসএফের একটি সীমান্ত চৌকি পরিদর্শন করবেন, সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিশ্লেষকদের মতে, শিলিগুড়ি করিডরকে ঘিরে এই সফর ভারতের সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।