চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় জেলায় প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সবাই স্বাভাবিক জীবনে ফিরতে না পারা পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেওয়ার কথা রয়েছে।

