ইরানে আবারও কেটেছে আতঙ্কের এক রাত। দেশটির দক্ষিণাঞ্চলজুড়ে রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, কোনারাক ও রাস্কসহ একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী তেহরানেও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সর্বশেষ অভিযানে ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের মার্কিন হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

এরই মধ্যে পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন ও কুয়েতে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতির সমঝোতা থাকলেও হামলা-পাল্টা হামলার এই চক্রে মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হচ্ছে।