মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ অপারেশন কমান্ড সেন্টার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।
আইআরজিসির দাবি, ইরানের ইরানশাহর এলাকায় সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় তাদের কয়েকজন সদস্য নিহত হওয়ার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তারা এটিকে ‘প্রতিশোধমূলক হামলা’ বলে উল্লেখ করেছে।
এদিকে সামরিক অভিযানের পাশাপাশি হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে তেহরান। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই কৌশলগত নৌপথ ব্যবহার করে জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে বাধা দেওয়া হতে পারে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে নতুন এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

